রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
বিরোধী দল কী কারণে, কী দাবি নিয়ে আন্দোলনে নেমেছে—সেটা বুঝা যাচ্ছে না এবং তারা আজীবন দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা স্টেডিয়ামে এ আয়োজন করা হয়েছে।
বিরোধী দলকে উদ্দেশ করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমাদের বয়স ৬ মাস, ৭ মাস চলছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠমিস্ত্রি লাগবে, ইলেক্ট্রিক মিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদেরকে সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার। তাদের কী দাবি, আমরাও বুঝি না। কী কারণে কী দাবি করে আন্দোলনে নেমেছে সেটাও বুঝতে পারছি না। এদের মূল বিষয় হচ্ছে- রাষ্ট্রের কিছু ব্যাপার আছে, তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাইর থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনান প্রমুখ।
