যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের কমতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান পুনরায় শুরুর হুমকির কারণে সাময়িকভাবে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল, চুক্তির পর তা অনেকটাই প্রশমিত হয়েছে।

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এশিয়ার বাজারে বৃহস্পতিবার সকালে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে যায়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ঠিক ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে আসে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগামী আগস্টে সরবরাহযোগ্য ব্রেন্ট তেলের অগ্রিম চুক্তির দাম ছিল প্রতি ব্যারেল ৭৮ দশমিক ০৭ ডলার। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আগের তুলনায় তেলের দাম এখনও ৭ শতাংশ বেশি রয়েছে।

কয়েক দিন ধরে নিম্নমুখী থাকার পর বুধবার হঠাৎ ব্রেন্ট তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে যায়। ইরান ‘সঠিক আচরণ’ না করলে পুনরায় বোমা হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ওই মন্তব্যের পর বাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

তেলের বাজারে স্বস্তি ফেরার পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি উভয়ই উচ্চতায় পৌঁছেছে। এ দুই সূচক যথাক্রমে ২ শতাংশ এবং ১ দশমিক ৭ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া তাইওয়ানের তায়েক্স সূচকও ১ দশমিক ৩ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

মার্কিন শেয়ারবাজারের অগ্রিম সূচকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

শিল্পোন্নত সাত দেশের জোটের সম্মেলন উপলক্ষে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে নৈশভোজের আগে তিনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার পাশে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ট্রাম্পের স্বাক্ষরের পর তেহরানে নিজ কার্যালয়ে একই চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও ওই স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *