বুধবার, ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপের মঞ্চে নতুন মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা, আর সেই শুরুতেই ভরসার জায়গায় লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছেন অধিনায়ক, যিনি খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ এবং এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ।
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ম্যাচে গোলপোস্টে আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো মার্টিনেজের ওপর। ডান হাতের অনামিকা আঙুলে চোট থাকলেও তিনি দলে ফিরেছেন এবং মূল গোলরক্ষক হিসেবেই শুরু করছেন।
রক্ষণভাগে কিছু পরিবর্তন দেখা গেছে। ডানপ্রান্তে নাহুয়েল মোলিনাকে পিছনে ফেলে সুযোগ পেয়েছেন গনসালো মন্তিয়েল। চোট কাটিয়ে ক্রিশ্চিয়ান রোমেরো ফিরেছেন একাদশে, তার সঙ্গে থাকছেন লিসান্দ্রো মার্টিনেজ। বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকো না থাকায় দায়িত্ব দেওয়া হয়েছে ফাকুন্দো মেদিনাকে।
মধ্যমাঠে ভরসা রাখা হয়েছে পরিচিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর। আক্রমণে মেসির সঙ্গে থাকছেন থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ।
অ্যাঙ্কেলের চোট কাটিয়ে দলে ফিরলেও হুলিয়ান আলভারেজকে শুরুতে রাখা হয়নি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে নামানোর পরিকল্পনা রয়েছে কোচ লিওনেল স্কালোনির।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গনসালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ।
