সোমবার, ০৮ জুন, ২০২৬
বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত অলিউল্লাহ পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. লোকমান হাকিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অলিউল্লাহ পেশায় মৎস্যচাষী ছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি তার বাবার সঙ্গে বুড়ীশ্বর নদীতে মাছ ধরতে যান। নৌকার দুই পাশে দাঁড়িয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন।
এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে অলিউল্লাহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার বাবা লোকমান হাকিম অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, বজ্রপাতে কিশোরটির মৃত্যু হয়েছে। তালতলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শরিফুল ইসলামও ঘটনাটি নিশ্চিত করেছেন।
