শিরোনাম

ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় অভিযুক্তের নির্দোষ দাবি

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির এক নৈশভোজ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কথিত হামলার ঘটনায় অভিযুক্ত কোল অ্যালেন আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে মামলাটিকে ঘিরে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে নতুন আইনি বিতর্ক তৈরি হয়েছে।

গত মাসে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারকে কেন্দ্র করে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত ৩১ বছর বয়সী কোল অ্যালেন সোমবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা অ্যালেন শুনানিতে সরাসরি কথা বলেননি; তার আইনজীবী তেজিরা আবে তার পক্ষে এই বক্তব্য উপস্থাপন করেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। প্রসিকিউটরদের দাবি, অ্যালেন এক পর্যায়ে একজন ইউএস সিক্রেট সার্ভিস সদস্যের দিকে শটগান তাক করে গুলি ছোড়েন এবং নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান।

তদন্তকারীরা জানান, অ্যালেন ট্রেনে করে ওয়াশিংটনে আসেন এবং তার সঙ্গে একটি শটগান, একটি পিস্তল ও কয়েকটি ছুরি ছিল। তিনি অনুষ্ঠানস্থল ওয়াশিংটন হিলটন হোটেলে একটি কক্ষও ভাড়া নিয়েছিলেন।

আদালতে প্রথম উপস্থিতিতে অ্যালেনকে কমলা রঙের কারা পোশাক ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় হাজির করা হয়। মামলাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ট্রেভর ম্যাকফ্যাডেন।

শুনানিতে একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় সামনে আসে। অভিযুক্তের আইনজীবীরা দাবি করেন, মামলার সঙ্গে যুক্ত কয়েকজন ঊর্ধ্বতন আইন কর্মকর্তা—যাদের মধ্যে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ওয়াশিংটনের মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো রয়েছেন—সেই নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা সম্ভাব্য লক্ষ্যও হতে পারতেন। ফলে তাদের মাধ্যমে মামলার বিচারপ্রক্রিয়া চালানো অনুচিত হতে পারে।

অভিযুক্তের আইনজীবী ইউজিন ওহম আদালতে বলেন, এ ধরনের ঘটনায় সম্ভাব্য ভুক্তভোগীরা নিজেরাই যদি বিচারপ্রক্রিয়ায় ভূমিকা রাখেন, তা সম্পূর্ণভাবে অনুচিত।

এ বিষয়ে প্রসিকিউটরদের আগামী ২২ মে জবাব দেওয়ার কথা রয়েছে। তবে জিনিন পিরো ইতোমধ্যে জানিয়েছেন, অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি নিরপেক্ষভাবে মামলা পরিচালনা করতে সক্ষম।

এদিকে, গত সপ্তাহের আরেকটি পৃথক শুনানিতে জানা যায়, ওয়াশিংটন ডিসির একটি কারাগারে অ্যালেনের সঙ্গে আচরণ নিয়ে একটি অভিযোগ উঠেছে। তাকে সেখানে আত্মহত্যা পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং অন্য বন্দিদের থেকে বিচ্ছিন্ন রাখা হয়—যার জন্য এক বিচারক তার কাছে দুঃখ প্রকাশ করেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *