শিরোনাম

বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, খেলোয়াড়দের মধ্যে শীর্ষে ইয়ামাল

বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে দল ও খেলোয়াড়দের বাজারমূল্য। ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুমের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান দল হিসেবে শীর্ষে রয়েছে ফ্রান্স। অন্যদিকে সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় এক নম্বরে আছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, কিলিয়ান এমবাপের নেতৃত্বাধীন ফ্রান্সের ২৬ সদস্যের স্কোয়াডের মোট বাজারমূল্য ১ দশমিক ৪৬ বিলিয়ন ইউরো। ১ দশমিক ৪১ বিলিয়ন ইউরো নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। এরপর যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল অবস্থান করছে শীর্ষ পাঁচে।

বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা বাজারমূল্যের দিক থেকে পিছিয়ে রয়েছে। ৯৪১ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে ব্রাজিল ষষ্ঠ এবং ৭৩৯ মিলিয়ন ইউরো নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অষ্টম স্থানে রয়েছে। দুই দলের মাঝখানে রয়েছে নেদারল্যান্ডস।

ব্যক্তিগত বাজারমূল্যের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। তার বর্তমান বাজারমূল্য ধরা হয়েছে ২৫৪ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, যার বাজারমূল্য ১৯৯ মিলিয়ন ইউরো। আর ১৮০ মিলিয়ন ইউরো মূল্য নিয়ে তৃতীয় স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

এদিকে একসময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পরিচিত ব্রাজিলিয়ান তারকা নেইমারের বাজারমূল্য বয়স, চোট এবং ধারাবাহিকতার অভাবে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশ্লেষকদের মতে, বাজারমূল্যের এই হিসাব খেলোয়াড়দের বর্তমান পারফরম্যান্স, বয়স, সম্ভাবনা, লিগের মান এবং চুক্তির মেয়াদের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। তবে মাঠের লড়াইয়ে এই আর্থিক মূল্য কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *