বালিয়াকান্দিতে ঘুড়ি উৎসব

শনিবার, ০৯ মে, ২০২৬

মোবাইল ফোনের আসক্তি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি ঘুড়ি উৎসব শেষ হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জামালপুর রেলওয়ে মাঠে এই আয়োজন করা হয়।

‘বন্ধু কর্নার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই উৎসবের আয়োজন করে।

শুক্রবার বিকাল ৪টায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন। ঘুড়ি উৎসবে শিশুদের পাশাপাশি বড়রাও এতে অংশ নেন। রঙিন ঘুড়ি হাতে মাঠে ভিড় জমায় অংশগ্রহণকারীরা। অনেকেই নিজ হাতে বানোনো ঘুড়ি নিয়ে আসে মাঠে।

বিকালে জামালপুর রেলওয়ে মাঠে দেখা যায়, মাঠের চারপাশে বহু দর্শক আসছেন ঘুড়ি উৎসব দেখতে। মাঠের একপাশে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ঘুড়ি। উৎসব উপলক্ষে হরেক রকমের দোকান বসছে মাঠের পাশে।

আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন মৃধা বলেন, হারিয়ে যেতে বসা বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এই আয়োজন। এছাড়া ছোট-বড় সবার সাধ্যের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে। আয়োজনের মূল লক্ষ্য ছিল শিশু কিশোরদের ঘর থেকে বের করে মাঠে নিয়ে আসা। সেই আয়োজনে প্রত্যাশার থেকে অনেক বেশি দর্শনার্থী এখানে আসছেন। আমরা সবাই অনেক আনন্দিত।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ঘুড়ি উৎসবের আয়োজন বেশ ভালো ছিল। এই আয়োজনে অনেক দর্শনার্থী এখানে আসছেন। সবার মধ্যে মাদকের ভয়াবহতা তুলে ধরেছি। বিভিন্ন স্থানে এমন আয়োজন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ঘুড়ি উৎসবে বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল শেখসহ বন্ধু কর্নারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *