বরিশালে টিকা নিয়েও কমছে না হাম, শয্যা সংকটে বারান্দায় চলছে চিকিৎসা

শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বরিশালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না, ফলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু ওয়ার্ডে তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত রোগীর চাপে অনেক শিশুকে বারান্দা ও খোলা জায়গায় চিকিৎসা নিতে হচ্ছে, যেখানে বৃষ্টি ও রোদের মধ্যেও তাদের অবস্থান করতে হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, শিশু বিভাগের ৪০টি শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ১৮২ জন শিশু ভর্তি রয়েছে। স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগী ও তাদের স্বজন বারান্দা কিংবা বিভিন্ন ইউনিটের সামনে অবস্থান করছেন।

রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, ওয়ার্ডে জায়গা না পেয়ে কয়েক দিন ধরে খোলা জায়গায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। বুধবারের টানা বৃষ্টিতে বারান্দায় পানি জমে গেলে অনেককে নিজেরাই পানি সরানোর ব্যবস্থা করতে দেখা গেছে।

হাসপাতালের এক নার্স জানান, প্রতিদিন নতুন রোগী আসায় বিদ্যমান অবকাঠামো দিয়ে সবাইকে শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা চলছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত মার্চে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৭৯৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় ৩৭ শিশুর মৃত্যু হয়েছে।

শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. বিকাশ চন্দ্র নাগ বলেন, রোগীর অতিরিক্ত চাপের কারণে অনেকেই বারান্দায় অবস্থান করছেন। তিনি আরও জানান, হামের পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং আক্রান্ত শিশুদের পাশাপাশি তাদের পরিচর্যায় থাকা অভিভাবকদের মধ্যেও সংক্রমণ দেখা যাচ্ছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *