শিরোনাম

‘দারুণ টেস্ট ম্যাচ চলছে, তৃতীয় দিনের জন্য মুখিয়ে আছি’

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আবুধাবি টেস্টে জমে উঠেছে খেলা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান তোলার পর জবাব দিচ্ছে আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে ২১১ রান তুলেছে আফগানরা, হারিয়েছে ৪ উইকেট। এখনও ১৩৫ রানে এগিয়ে বাংলাদেশ। তবে আফগানরাও চোখ রাঙাচ্ছে।

ধারাভাষ্য প্যানেলে থাকার সুবাদে বেশ কাছ থেকেই আবুধাবি টেস্টের খবরাখবর রাখছেন রমিজ রাজা। নিজ চোখে দেখছেন তানজিদ হাসান তামিমদের ব্যাটিং, হাসান মাহমুদদের বোলিং। আফগান অধিনায়ক রহমত শাহের দুর্দান্ত ব্যাটিংটাও দেখেছেন। সব মিলিয়েই দ্বিতীয় দিন নিয়ে নিজের মূল্যায়ন জানিয়েছেন রমিজ রাজা।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে আবুধাবি টেস্ট প্রসঙ্গে রমিজ জানিয়েছেন, ‘আফগানিস্তান এবং বাংলাদেশের টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষ হয়েছে। আফগানিস্তান ফাইটব্যাক দিচ্ছে। আফগানরা নিয়মিত টেস্ট পায় না, ফলে তারা খেলে খেলে শিখছে। 

অন্যদিকে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ৪ নম্বরে রয়েছে। তারা জানে কীভাবে জিততে হয়, কীভাবে ফল আসে এবং তাদের হাতে দলও রয়েছে। ফলে এখানে সব কিছু মিলিয়ে আফগানিস্তানের জন্য অনেক ভালো পারফরম্যান্স হচ্ছে। প্রথম দিনে প্রথম সেশনের পর আফগানরা কামব্যাক করেছে। দ্বিতীয় ইনিংসে উইকেট তুলে বাংলাদেশ ৩৪০ রান পার করার পরেই থামিয়ে দিয়েছে। এমনটা করতে না পারলে পরিস্থিতি আফগানিস্তানের হাতের বাইরে চলে যাচ্ছিল।’

বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ দেখছেন রমিজ রাজা। এছাড়া লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের প্রশংসা করতেও ভোলেননি রমিজ। 

তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশকে নতুন দিনে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে। বাংলাদেশের সুবিধা হচ্ছে তাদের হাতে শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে। মেহেদী হাসান মিরাজ হাশমতকে যে বলে আউট করলো, অনেক উঁচু মানের বল ছিল। দারুণ ফ্লাইট ছিল। স্পিন ছিল। লিটন দাস দারুণ স্ট্যাম্পিং করেছে।’

দ্বিতীয় দিন শেষেই জমজমাট ম্যাচের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ম্যাচে এগিয়ে যেতে হলে কী করতে হবে সেই টোটকাও দিয়েছেন রমিজ রাজা। 

তিনি জানান, ‘বাংলাদেশের জন্য হাসানকে আবারও আঘাত হানতে হবে। তারা শুরুটা ভালোই করেছিল পরে আফগানরা প্রতিরোধ তুলেছে। আমার মনে হচ্ছে আফগানিস্তান যদি ৩০০ রান করে ফেলতে পারে, তাহলে ম্যাচটা একদম ফিফটি-ফিফটি হয়ে যাবে। বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যেতে পারে। তবে বাংলাদেশ টানা জয়ের ধারার মধ্যে আছে। তাদের আত্মবিশ্বাসও ভালো আছে। অধিনায়ক শান্তও অনেক ভালো করছে। তারা যদি শিগগিরই আফগানিস্তানকে অলআউট করে ১০০ রানের লিড পেয়ে যায় তখন আফগানিস্তানের জন্য কাজ কঠিন হয়ে যাবে।’

রমিজ আরও বলেছেন, ‘তৃতীয় দিনের জন্য আমি মুখিয়ে আছি। এই দিন টেস্ট ক্রিকেটের জন্য মুভিং ডে (ম্যাচের গতিপথ নির্ধারণের দিন) হতে পারে। আমি অপেক্ষায় আছি। দেখা যাক আফগানিস্তান আরও একবার বাংলাদেশকে নাড়িয়ে দিতে পারে কিনা। দারুণ আকর্ষণীয় টেস্ট ম্যাচ চলছে।’

দ্বিতীয় দিনে বাংলাদেশের লেজের দিকের ব্যাটিং দৃঢ়তার জবাব দিচ্ছে আফগানিস্তান। ভালো জবাবই দিয়েছে আফগানরা। ১৮৬ বলে ৮৪ রান করা রহমত শাহ আছেন সেঞ্চুরির খুব কাছাকাছি। ৪ উইকেট হারিয়ে ২১১ রান তুলে দিন শেষ করেছে আফগানিস্তান।

বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেছেন ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া ১টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *