‘দাদা ছিলেন কৃষক, বাবা সৈনিক’, বিশেষ উদযাপন নিয়ে জুরেল

অনলাইন ডেস্ক, ঢাকা

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে বিশেষ এক উদযাপনের মাধ্যমে নিজের শেকড়ের কথা স্মরণ করলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। শতরান পূর্ণ করার পর জার্সির বাঁ হাতের অংশ তুলে বাইসেপস দেখান তিনি। সেখানে হিন্দি হরফে লেখা ছিল—‘জয় জওয়ান, জয় কিষান’।

জুরেলের এই উদযাপন প্রথমে শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রোশান অভিসিংহের কাছে পরিষ্কার না হলেও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার এর অর্থ ব্যাখ্যা করেন। ‘জয় জওয়ান, জয় কিষান’ বলতে সৈনিক ও কৃষকদের প্রতি সম্মান জানানো বোঝায়।

দিনের খেলা শেষে নিজের উদযাপনের কারণ জানান জুরেল। তিনি বলেন, তার দাদা ছিলেন কৃষক এবং বাবা ছিলেন সৈনিক। তাই নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটি তিনি বাবা ও দাদাকে উৎসর্গ করেছেন।

জুরেল বলেন, “আমার দাদা ছিলেন একজন কৃষক, আমার বাবা ছিলেন সৈনিক। এসবই আমার শেকড়, যেখান থেকে আমি উঠে এসেছি। আর আমি তা ভুলতে চাই না। ওই উদযাপনটি ছিল আমার বাবা ও দাদার জন্য।”

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে ৯৯ রান থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে জুরেলকে অপেক্ষা করতে হয় আরও ১৩ বল। পরে আসিতা ফার্নান্দোর বলে মিড-অফের দিকে শট খেলে দ্রুত রান নিতে গিয়ে অল্পের জন্য রানআউটের হাত থেকে বেঁচে যান তিনি। ওই রানেই টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার।

সেঞ্চুরির পথে জুরেলের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন রিশভ পান্ত। ৩০৭ রানে ভারতের ষষ্ঠ উইকেট পতনের পর চোট কাটিয়ে আবার ব্যাটিংয়ে ফেরেন পান্ত। এরপর জুরেল ও পান্ত মিলে ১৫২ বলে ১১২ রানের জুটি গড়েন।

পান্ত ৮৯ বলে ৬৩ রান করেন, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। পরে দলের লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে জুরেল নিজের সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি ভারতকে পাঁচশ রানের মাইলফলকেও পৌঁছে দেন।

পান্তের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত জুরেল। তিনি বলেন, পান্ত অসাধারণ একজন ক্রিকেটার এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভারতের হয়ে তার পারফরম্যান্সের কথা সবাই জানেন। ক্রিজে থাকলে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পান্তের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথাও জানান জুরেল।

জুরেলের এই সেঞ্চুরি শুধু ভারতের ইনিংসকে শক্ত অবস্থানে নেয়নি, একই সঙ্গে তার পরিবার ও শেকড়ের প্রতি সম্মানের এক আবেগঘন বার্তাও তুলে ধরেছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *