শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত নার্সের গলায় বেশ কয়েকটি সেলাই দেওয়ার পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি (৩২)। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযুক্ত স্বামী চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ইনডোরে নাইট ডিউটি করছিলেন ওই নার্স। ডিউটি শেষ হওয়ার একটু আগে পৌনে ৮টার দিকে স্বামী আমিরুল সেখানে আসে এবং স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়।
এরই একপর্যায়ে আমিরুল ছুঁড়ি দিয়ে তার গলায় আঘাত করে পালিয়ে যায়। বর্তমানে আহত নার্স ডলিকে সেলাই শেষে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ওই নার্সকে আমাদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু গলায় আঘাত লেগেছে এবং সেলাই পড়েছে। সেহেতু তার থেকে আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। স্বামী স্ত্রীর কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বামীর সাথে আহত নার্সের সাংসারিক জীবনে দীর্ঘ সময় ধরেই ঝামেলা চলছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
