বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবাসহ মো. মোজাম্মেল হক (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। বুধবার সকালে এ তথ্য জানান এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃত মোজাম্মেল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
এসআরবি জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২ নভেম্বর এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কাউনিয়া উপজেলার বনগ্রাম এলাকার আব্দুর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযুক্ত মোজাম্মেলের দেহ তল্লাশি করে লুঙ্গির কোচর থেকে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোজাম্মেলকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
