শিরোনাম

যশোরে পালিত হচ্ছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী

 বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আজ বুধবার সকাল ১০টায় যশোর শহরের কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয়।

পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শ্রমজীবীদের মাঝে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়।

এসব আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মরহুম তরিকুল ইসলামের সহধর্মিনী অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মরহুম তরিকুল ইসলামের ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মরহুম তরিকুল ইসলাম বড় ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিতসহ যশোর জেলা বিএনপি ও দলটির সকল উপজেলা ইউনিটের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দুপুর থেকে যশোর সদর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *