শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ইরানের অনুমোদিত পথ ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে প্রেসটিভি।
আইআরজিসির দাবি, ট্যাংকারটি প্রণালির একটি অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সামুদ্রিক মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়।
ইরানি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষকে এড়িয়ে চলার উদ্দেশ্যে ট্যাংকারেটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থান শনাক্তকারী ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলেও জানিয়েছে আইআরজিসি।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে এবং সামুদ্রিক বিধি না মেনে চলার কারণেই এ বিপর্যয় ঘটেছে। তবে ট্যাংকারেটির নাম, দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব নৌযানের প্রতি সতর্কবার্তা জারি করেছে আইআরজিসি নৌবাহিনী। তাদের দাবি, ইরানের সিদ্ধান্ত অনুযায়ী প্রণালিটি বন্ধ রয়েছে এবং সেখানে চলাচলের আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ইরানের সামুদ্রিক বিধি অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করলে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে। বিশেষ করে মার্কিন সামরিক সুরক্ষার ওপর নির্ভর করে অননুমোদিতভাবে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইরানি বাহিনী।
