শিরোনাম

৫০০ কোটির মাইলফলকে অজয়ের ‘দৃশ্যম ৩’

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রহস্যের জাল, টানটান উত্তেজনা আর অভিনয়ের মুন্সিয়ানায় দর্শকদের মুগ্ধ করে বক্স অফিসে দাপট দেখাচ্ছে অজয় দেবগনের সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির মাত্র ১২ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে সিনেমাটি। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অভিনয়ের প্রশংসাও পাচ্ছে ছবিটি। অজয়ের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে উঠেছে রহস্য-রোমাঞ্চনির্ভর এই সিনেমা।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, ভারতের বাজারেই সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৫০ লাখ রুপি। আর দেশটিতে মোট আয় হয়েছে ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। বিদেশের বাজার থেকেও উল্লেখযোগ্য সাড়া পেয়েছে সিনেমাটি। 

মুক্তির ১২তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আরও ২ কোটি ৫০ লাখ রুপি আয় করায় বিদেশে এর মোট আয় দাঁড়িয়েছে ১১৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৫০১ কোটি ৮০ লাখ রুপি।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য বলছে, মুক্তির ১২তম দিনে ভারতজুড়ে ১৪ হাজার ৮৪৬টি প্রদর্শনী থেকে ৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে ‘দৃশ্যম ৩’। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ ধরে রাখার এই সাফল্য সিনেমাটির বাণিজ্যিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

চলতি বছরের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার তালিকায় ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ছবিটি। শুধু তা-ই নয়, এটি অজয় দেবগণের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে। ভারতে ৩০০ কোটি রুপির বেশি নেট আয় করা অজয়ের প্রথম সিনেমা হওয়ার কৃতিত্বও অর্জন করেছে এটি।

তবে সাফল্যের এই দৌড় কত দূর এগোবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। আগামী ১৬ অক্টোবর একাধিক হিন্দি সিনেমা মুক্তির কথা রয়েছে। ফলে নতুন ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ‘দৃশ্যম ৩’ কতটা নিজের অবস্থান ধরে রাখতে পারে, এখন সেদিকেই সিনেমাপ্রেমীদের নজর।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পীরাও প্রশংসা কুড়াচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত পর্যালোচনায় চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের প্রশংসা করেছেন। তার মতে, অজয় নিজের অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করেছেন। অন্যদিকে, জয়দীপের অভিনয় গল্পে বাড়তি গভীরতা তৈরি করেছে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলতে পারে।

অভিষেক পাঠকের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি এটি। তবে আগের কিস্তিগুলোর মতো মালয়ালম সংস্করণের সরাসরি অনুসরণ না করে সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি।

অজয় দেবগনের পাশাপাশি দৃশ্যম ৩ -এ অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত। ২০১৫ সালের ৩১ জুলাই মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ থেকেই রহস্য আর উত্তেজনায় দর্শকদের বেঁধে রেখেছে এই ধারাবাহিক। নতুন কিস্তির অভাবনীয় বক্স অফিস সাফল্য সেই জনপ্রিয়তাকেই যেন আরও একবার প্রমাণ করল।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *