শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে কেরালা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ত্রিশুর জেলার কাইপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, তামিলনাড়ুর নিবন্ধিত একটি গাড়িতে করে একদল যুবক গুরুবায়ুর এলাকা থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে গাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। নিহত ব্যক্তিরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
