অনলাইন ডেস্ক, ঢাকা
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিংবদন্তি এই ফুটবলারের সম্মানে দেশটির বিভিন্ন স্তরের ফুটবল ম্যাচে ১০ মিনিট পূর্ণ হওয়ার পর এক মিনিটের জন্য খেলা বন্ধ রেখে করতালি দেওয়া হবে।
এএফএ জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত আর্জেন্টিনার পুরুষ ও নারী ফুটবলের সব বিভাগের ম্যাচে এই বিশেষ কর্মসূচি পালন করা হবে। ফুটবলের পাশাপাশি ফুটসাল ও বিচ সকারের ম্যাচও এই উদ্যোগের আওতায় থাকবে।
এএফএর সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট শেষ হলে খেলা সাময়িকভাবে থামানো হবে। এরপর এক মিনিট ধরে করতালির মাধ্যমে মেসির প্রতি শ্রদ্ধা জানাবেন মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা।
মেসির জাতীয় দলের জার্সির ঐতিহাসিক ১০ নম্বরকে সম্মান জানাতেই ম্যাচের ১০ মিনিটের সময়টি বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল সংস্থাটি।
এরই মধ্যে কোপা আর্জেন্টিনার একটি ম্যাচে মেসির প্রতি এমন শ্রদ্ধা জানানো হয়েছে। বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে আর্জেন্টিনার এই কিংবদন্তিকে সম্মান জানান।
এএফএর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্টেডিয়ামে বড় পর্দা রয়েছে সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে অ্যাসোসিয়েশনের তৈরি বিশেষ প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করা হবে।
শুধু খেলোয়াড় কিংবা কর্মকর্তারাই নন, গ্যালারিতে থাকা দর্শকদেরও এই আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এএফএ। করতালি, উল্লাস, পতাকা এবং মেসিকে ঘিরে গান—সবকিছুর মধ্য দিয়ে আর্জেন্টাইন ফুটবল পরিবার তাদের প্রিয় তারকাকে সম্মান জানাবে।
আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে মেসিই সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করা ফুটবলার। ৩৯ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত আলবিসেলেস্তেদের হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন এবং করেছেন ১২৫ গোল।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন চিঠিতে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। সেখানে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করার পাশাপাশি আর্জেন্টিনার মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
দেশের মাটিতে মেসির আনুষ্ঠানিক বিদায় আয়োজন করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এএফএর এই বিশেষ উদ্যোগে স্পষ্ট হয়ে উঠেছে, আর্জেন্টিনার ফুটবল পরিবার তাদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে যথাযোগ্য সম্মান জানাতে প্রস্তুত।
