শিরোনাম

আফ্রিকার ‘ভালোর জন্য’ আবার ইনফান্তিনোর পক্ষে সরব ইতো

অনলাইন ডেস্ক, ঢাকা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানাতে আফ্রিকার ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতো। আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতো বলেন, ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনো বিশ্ব ফুটবলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন।

ইতোর ভাষায়, “প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ফুটবলকে বদলে দিয়েছেন। তিনি আমাদের মহাদেশকে সাহায্য করেছেন এবং আমাদের ফেডারেশনগুলোকে অনেক দ্রুত এগিয়ে নিতে সহায়তা করেছেন।”

তিনি আরও বলেন, “এজন্য আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এখন পর্যন্ত তিনি যা করেছেন, তার জন্য আমাদের তাকে সমর্থন করা উচিত।”

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই ইতোর এই মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। আফ্রিকা ও ইউরোপের ফুটবল প্রশাসকদের অগ্রাধিকার এবং বাস্তবতার পার্থক্যও তার বক্তব্যে উঠে এসেছে।

ইতোর মতে, ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বের অনেক দেশ বিশ্বকাপে অংশ নেওয়ার নতুন সুযোগ পেয়েছে। ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের ফলে আফ্রিকার সরাসরি অংশগ্রহণের সুযোগ বেড়ে হয়েছে ৯টি।

এর আগে কাতার বিশ্বকাপে আফ্রিকার সরাসরি জায়গা ছিল মাত্র ৫টি।

২০২৭ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা কংগ্রেসে আবারও সভাপতি পদে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন ইনফান্তিনো। তবে ইউরোপীয় ফুটবল প্রশাসকদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এখনও পুরোপুরি কাটেনি।

পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই গঠনের পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছিল উয়েফা। পরে ফিফা পরিকল্পনাটি বাতিল করলেও বিষয়টি নিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থাটির অসন্তোষ পুরোপুরি দূর হয়নি।

তবে ইতো মনে করেন, আফ্রিকার ফুটবলের বাস্তবতা ইউরোপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, “কিছু ফেডারেশনের বার্ষিক বাজেট যেখানে মাত্র দেড় লাখ ইউরো, সেখানে তারা বড় দেশগুলোর সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করবে? আমাদের পক্ষে বড় দেশগুলোর মতো করে সবকিছু দেখা সম্ভব নয়।”

অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আফ্রিকা নিজেদের প্রতিভাবান ফুটবলারদের ধরে রাখতে পারছে না বলেও মনে করেন ক্যামেরুনের এই কিংবদন্তি ফুটবলার।

উদাহরণ হিসেবে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে ও অরেলিয়েন চুয়ামেনির মতো খেলোয়াড়দের প্রসঙ্গ টেনে ইতো বলেন, ক্যামেরুনের পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা থাকলে দেশেও এমন প্রতিভাবান ফুটবলার গড়ে ওঠা সম্ভব ছিল।

তার ভাষায়, “ক্যামেরুনের যদি বছরে ২ বা ৪ কোটি ডলারের বাজেট থাকত, তাহলে অবশ্যই আমাদের এমবাপে ও চুয়ামেনির মতো খেলোয়াড় থাকত।”

তবে উয়েফার গুরুত্ব অস্বীকার করেননি স্যামুয়েল ইতো। তার মতে, বিশ্ব ফুটবলে ইউরোপীয় ফুটবল সংস্থাটির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ফিফার কাছে উয়েফাকে একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফেডারেশন হিসেবে বিবেচনা করা উচিত নয়।

আফ্রিকান ফুটবলের উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য ফিফার সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন বলেও মনে করেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের এই সভাপতি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *