সোমবার, ২২ জুন, ২০২৬
রবিবার (২১ জুন) বিকেলে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বিকেল চারটার পর থেকেই রাজধানীতে তুমুল বৃষ্টি শুরু হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে দুই ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটাকে ভারী বৃষ্টি হিসেবেই ধরা হয়; আর এই বৃষ্টির ফলে নগরের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে অফিস শেষে ঘরমুখী মানুষের। বিকেল পাঁচটার পর ফার্মগেট, কারওয়ান বাজার, মহাখালীসহ বিভিন্ন স্থানে শত শত মানুষকে যানবাহন পাওয়ার আশায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নগরের তেজতুরী বাজার, ফার্মগেট, কারওয়ান বাজার, কাঁঠালবাগান, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ‘মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে বেশি সক্রিয়। ফলে ওদিকে বৃষ্টি হচ্ছে। দেশের মধ্যাঞ্চলে হালকা সক্রিয় ফলে ঢাকাসহ আশপাশে প্রতিদিন বৃষ্টি না হলেও ২-১ দিন পর হচ্ছে। বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে থাকবে।
তিনি বলেন, গত দুদিন ঢাকায় অনেক গরম ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে আবহাওয়া সহনশীল থাকে। নতুবা ভ্যাপসা গরম অনুভূত হয়।
এদিকে সোমবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
