শনিবার, ২০ জুন, ২০২৬
অবৈধ পুশইন ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ১১ দফা দাবিতে রাজধানীর ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান-১ গোলচত্ত্বরে পৌঁছালে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মহাখালী থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। এ সময় মিছিলকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
মিছিলটির নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান ও ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।
গতকাল শুক্রবার রাত ৮টায় মিছিলটি গুলশানে ভারতের দূতাবাসের দিকে অগ্রসর হতে থাকে। পরে পুলিশ তাদের বাধা দেয়। দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাওয়া কনভেনশন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
আজাদ পার্টির প্রধান সংগঠক কবি বোরহান মাহমুদ জানান, ভারতের ধারাবাহিক বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড, সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা, পুশইনের অপচেষ্টা, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় প্রদান এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জনগণের সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হিসেবেই এই ‘আলোর মিছিল’।
