শিরোনাম

ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা

 বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ‘কঠোর’ বিমান হামলা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুঁশিয়ারির কয়েক ঘণ্টার ব্যবধানে এই হামলা চালানো হয়। 

বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে এবং ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর এসব হামলা শুরু হয়।

সেন্টকমের মতে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে হামলাগুলো চালানো হচ্ছে। পোস্টে বলা হয়, ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।’

সংবাদ মাধ্যম ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পশ্চিম তেহরান, কিশ দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, কেশম ও মিনাবে বিস্ফোরণের খবর দিয়েছে। পাশাপাশি ফার্স প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (ইরানের) ওপর হামলা চালাব, এবং খুব কঠোরভাবে হামলা চালাব।’

তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাই নতুন হামলার যৌক্তিকতা হিসেবে বিবেচিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, শান্তি আলোচনা নিয়ে তেহরানের প্রতিনিধিরা ‘আমাদেরকে বোকা বানাচ্ছে’। বর্তমান পরিস্থিতিতে তাদের ওপর চাপ অব্যাহত রাখা হবে।

এদিকে, ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড তেলবাহী ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধের নির্দেশ দিয়েছে।

এতে আরও বলা হয়েছে, যেকোনো নৌযান এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে তাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *