শিরোনাম

ঘুমের কারণে দুর্ঘটনা, ট্রাকে বাসের ধাক্কা

বুধবার, ০৬ মে, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসচালক শান্ত মিয়া (২৬) দুই পা হারিয়েছেন এবং আরও তিন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার পান্তাপাড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। আহত শান্ত মিয়া কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

আহত অন্যরা হলেন সিজু মিয়া (৩০), সাথী রাণী (২০), মানিক মিয়া (৩১)।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। চালকের এক পা সম্পূর্ণ এবং অন্য পা আংশিক বিচ্ছিন্ন হয়ে যায়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চালককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, ঘুমের কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *