কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় রফিক রেজা (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ–কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রফিক রেজা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। আহত নুরুজ্জামান কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সাবদার হোসেনের ছেলে। তারা দুজনই মহেশপুর ভূমি অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে তারা মোটরসাইকেলে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে পাতিবিলা বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর রাখা বালির স্তূপে উঠে যায় এবং দুজন রাস্তার ওপর পড়ে যান। ঠিক এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হন এবং গুরুতর আহত নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে পাঠান।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *