ভারত বৈশ্বিক শান্তির জন্য হুমকি : পাকিস্তানের প্রেসিডেন্ট

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ভারত বর্তমানে বৈশ্বিক শান্তির জন্য একটি হুমকিতে পরিণত হয়েছে। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভি।

ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়; এটি একটি যৌথ বৈশ্বিক দায়িত্ব।

জারদারি জানান, বিশ্বনেতা, বিভিন্ন সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে পাওয়া সহানুভূতি ও সমর্থনের বার্তা পাকিস্তানের জনগণ এবং সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে উঠেছে। এসব বার্তা প্রমাণ করে যে সন্ত্রাসবাদ ও এর পেছনে থাকা সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম।

পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একা কোনো দেশ সন্ত্রাসবাদ নির্মূল করতে পারে না। পাকিস্তানের অভিজ্ঞতায় দেখা গেছে, যখন সন্ত্রাসী গোষ্ঠীগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা বা অবাধে কার্যক্রম চালানোর সুযোগ পায়, তখন এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় সাধারণ ও নিরীহ মানুষকে।

একই সঙ্গে দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট জারদারি অভিযোগ করেন, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে। এমনকি কেউ কেউ আর্থিক, প্রযুক্তিগত ও সামরিক সহায়তাও প্রদান করেছে বলে তিনি দাবি করেন। তার মতে, এসব বিষয় সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে গুরুতরভাবে প্রভাবিত করেছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপরে