নোয়াখালীতে পথচারী নারীকে বাঁচাতে গিয়ে দুই তরুণের মৃত্যু

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে সহিদ ও মোশারফ নামে দুই তরুণ চৌমুহনী যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি বগাদিয়া এলাকায় পৌঁছালে একজন নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রমের চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এক আরোহী ঘটনাস্থলেই মারা যান, অন্যজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *