শিরোনাম

আজ ঢাকার তিন স্থানে অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে আজ বুধবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের’ পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে। শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভাতেই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন- ২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

জানা গেছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এরপর বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে খসড়াটি হালনাগাদ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ গত বছরের ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেছিল, ডিসেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারি মাসের শুরুর দিকেই অধ্যাদেশ জারি করা হবে। তাই ১৫ জানুয়ারির উপদেষ্টা পরিষদের সভাতেই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অনুমোদন চান শিক্ষার্থীরা। ওই তারিখের মধ্যে দাবি বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিমার্জিত খসড়াটি গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *